বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত—সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সরাসরি আমন্ত্রণে “ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII)” গ্লোবাল সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এই আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। মূলত বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন এবং বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে নীতিনির্ধারক, উদ্যোক্তা, রাষ্ট্রনেতা এবং কর্পোরেট নেতৃত্বদের নিয়ে আয়োজিত এই আয়োজনকে “দাভোস ইন দ্য ডেজার্ট” বলেও অভিহিত করা হয়।
২০১৭ সালে শুরু হওয়া এই সম্মেলনে এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো, যা বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ ড. ইউনুসের হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন।
এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনুস। তিনি আশা প্রকাশ করেন, রিয়াদে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ কার্যকর উপস্থিতি দেখাতে পারবে এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি নতুন সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ড. ইউনুসের এই সফর কেবলমাত্র একটি সম্মেলনে অংশগ্রহণ নয়, বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্য এক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। নব্য উদীয়মান প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে এই আমন্ত্রণ ও সফর।
বিশ্বের যেসব দেশ আগামী দিনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত নেতৃত্বের জন্য প্রতিযোগিতায় নেমেছে, তাদের মাঝে বাংলাদেশকেও দৃশ্যমান করতে এই সম্মেলন হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ।