সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য ভবিষ্যত বিনিয়োগ উদ্যোগের (FII9) নবম সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
২০১৭ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সরকারপ্রধানকে এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানানো হলো। সৌদি যুবরাজের আমন্ত্রণ গ্রহণ করে ড. ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে যোগদানের আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যত বিনিয়োগ উদ্যোগকে বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির একটি কেন্দ্র হিসেবে ধরা হয়। গত বছর এই সম্মেলনে শীর্ষস্থানীয় সিইও, রাষ্ট্রপ্রধানসহ ৮৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই বিনিয়োগ এবং জ্বালানি রূপান্তরকে কেন্দ্র করে আলোচনার আয়োজন করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ড. ইউনূস সৌদি যুবরাজের বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। জানা গেছে, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারে নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কর্মরত এবং গত অর্থবছরে সেখান থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান।
কূটনৈতিক সূত্র মতে, এ সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করার একটি বড় সুযোগ তৈরি করবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?