গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশের রাষ্ট্রীয় কাঠামোতে এখনো কোনো ভারসাম্য নেই। সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকার ফলে দেশে গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ নাগরিকদের অধিকার কেড়ে নিতে চায়, তার পরিণতি হবে শেখ হাসিনার মতো—দেশ ছেড়ে পালাতে হবে।”
সোমবার (২৮ জুলাই) বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি সরকারের ব্যর্থতা ও শহীদদের প্রতি রাষ্ট্রের উদাসীনতার কঠোর সমালোচনা করেন।
সাকি বলেন, “আজ পর্যন্ত শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। পরিবারগুলো এখনো হাহাকার করে, আহতরা চিকিৎসার জন্য ভোগান্তির শিকার। অথচ ৫ আগস্টের মতো একটি গুরুত্বপূর্ণ তারিখ ঘনিয়ে আসছে। প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি বলেন—আপনারা অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে আছেন, কাজেই সেই অভ্যুত্থানের দাবি বাস্তবায়ন করাই এখন আপনাদের কর্তব্য।”
তিনি বিচারপ্রক্রিয়া শুরুর তাগিদ দিয়ে বলেন, “প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে যাতে শহীদ পরিবারগুলো অন্তত এই সান্ত্বনা পায় যে ন্যায়বিচারের যাত্রা শুরু হয়েছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সভাপতি মুনীর চৌধুরী সোহেল। বক্তব্য রাখেন জাতীয় পরিষদের সদস্য মো. অলিয়ার রহমান শেখ, জেএসডি খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম, ভাসানী অনুসারী পরিষদের খুলনা সভাপতি শেখ আবদুল হালিম, অভয়নগর উপজেলা সদস্যসচিব সামস সারফিন সামনসহ বিভিন্ন মিল ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।