ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে এবং গলাচিপা পৌরসভার সহযোগিতায় (২৭ জুলাই) শনিবার সকাল ১০টায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এক বিশেষ ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল এডিস মশার আবাসস্থল চিহ্নিত ও ধ্বংস করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। এ উপলক্ষে পৌর এলাকার বাজার ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে করণীয় বিষয়গুলো প্রচার করা হয়।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার মো. হামিম ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা গড়ে তোলা এবং পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব বোঝানো। এই কাজে সকলকে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, ক্যাম্পেইনটি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত হয়। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সবাই মিলে এই উদ্যোগকে সফল করে তোলেন এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গলাচিপা গড়ে তোলার প্রত্যয়ে একযোগে কাজ করেন।