বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ও ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম বড় ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। আপনি যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে এসব অস্ত্র নিয়ে এলেন কেন?”— লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ করে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
রবিবার দুপুরে নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
নাসির উদ্দিন বলেন, “দশ ট্রাক অস্ত্রকাণ্ডের কারণে শুধু বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, গোটা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি হয়েছে। এতে অসংখ্য নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়েছে, আর দেশ পড়েছে আন্তর্জাতিক প্রশ্নবিদ্ধতার মুখে।”
বিচারের নামে দেশে প্রহসন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “যারা আজ প্রশাসনে কিংবা ভবিষ্যতে নেতৃত্বে আসবেন, তাদের প্রতি আহ্বান—কখনো যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন যা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।”
ব্যক্তিগতভাবে বাবরের প্রতি সম্মান দেখালেও তার কর্মকাণ্ডের সমালোচনা করেন নাসির উদ্দিন। বলেন, “এই একক কর্মকাণ্ড বিএনপিকে আবার ক্ষমতায় ফেরার পথ বন্ধ করেছে। আর সেই সুযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা টিকে গেছে। গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা যে দমন-নিপীড়নের শিকার হয়েছে, তার দায় থেকেও বাবর মুক্ত নন।”
তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলবে না।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বক্তব্য রাখেন ডা. তাননিম জারা, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান ও রফিকুল ইসলাম আইনী। উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।