বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা অনুদান দেবে সৌদি আরব। সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।
রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা জানান, সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। ইতোমধ্যে দেশের কয়েকটি বিভাগ থেকে জমির প্রস্তাব পাওয়া গেছে এবং বাকি বিভাগের ক্ষেত্রেও যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত রয়েছেন এবং তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”
সাক্ষাতে হজ ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা চলতি বছরের সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং আগামী হজ মৌসুমে মিনায় তাঁবুতে বিছানার সাইজ বাড়ানো, ওয়াশরুম সংখ্যা বৃদ্ধিসহ বেশ কিছু প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত এসব প্রস্তাব তার দেশের সরকার ও হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় সৌদি সরকারের আগ্রহ ও অব্যাহত সমর্থনের কথাও জানান।
সাক্ষাৎকালে আরও আলোচনা হয় হজযাত্রীদের লাগেজে আরএফআইডি ট্যাগ সংযোজন, ঢাকায় আরবী ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক।