চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, আবু সাঈদ নন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পেশাজীবী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ডা. শাহাদাত বলেন, “আমি শহীদ আবু সাঈদের অবদান অস্বীকার করছি না। তবে সময়ের ভিত্তিতে বিচার করলে দেখা যায়, ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, যেখানে আবু সাঈদের মৃত্যু হয় রাতে।”
তিনি ওয়াসিমকে আন্দোলনের ‘সাহসী সৈনিক’ হিসেবে উল্লেখ করে বলেন, “মৃত্যুর কিছুক্ষণ আগেই ওয়াসিম আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সেই ছবিগুলো আজও আমার কাছে সংরক্ষিত আছে।”
একটি অনুষ্ঠানে ওয়াসিমের নাম না থাকায় অংশ না নেওয়ার ব্যাখ্যা দিয়ে মেয়র বলেন, “যেখানে শহীদ ওয়াসিম নেই, সেখানে আমি যাই না। ইতিহাস বিকৃতি আমি মেনে নিতে পারি না।”
তিনি আরও জানান, নগরের একটি ফ্লাইওভারের নামকরণ করা হয়েছে ‘ওয়াসিম আকরাম ফ্লাইওভার’ এবং ‘ওয়াসিম চত্বর’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজও চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চট্টগ্রাম বিএনপি, ডক্টরস ফোরাম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।