নিরাপত্তা বিশ্লেষক ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেছেন, “পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোয় সম্ভব নয়। এই পদ্ধতি কেবলমাত্র পরিপক্ব ও সভ্য গণতান্ত্রিক দেশেই কার্যকর হয়।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমির মিমি মিলনায়তনে জনতার দলের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে প্রচলিত ‘পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিই উপযুক্ত। তবে যদি ভবিষ্যতে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হয়, সেক্ষেত্রে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে। এতে করে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
শামীম কামাল আরও বলেন, “জুলাই বিপ্লবের পর মানুষের মধ্যে যে গভীর প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সংস্কার, বিচার ও নির্বাচনের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে তারা ব্যর্থ। বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও, সরকার অন্তত নির্বাচনের দিকে মনোযোগ দিক। এখন জনগণ ষড়যন্ত্র নয়, মুক্তি চায়। আপাতত ‘নির্বাচন দিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা তৈরি করা জরুরি।”
মামলার বিষয়ে তিনি বলেন, “এই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর আসল টার্গেট রাজনৈতিক নেতারা নন—এগুলো ধনীদের টার্গেট করে দায়ের হচ্ছে। ৭০-৮০ জনের মামলায় পরে আরও ২০০ জনকে যুক্ত করা হচ্ছে।”
সভায় আরও বক্তব্য দেন দলের মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবুল কালাম মোঃ জাকি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খান, ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় রংপুর বিভাগের আট জেলার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।