নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবীকে হত্যায় চাচাত দেবর মো: রাসেল মিয়া (২৮) কে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসামী রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মো: হাফিজুর রহমান এ আদেশ দেন।
মৃত্যু দন্ড প্রাপ্ত মো: রাসেল মিয়া পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো: আলাল উদ্দিনের ছেলে ।
নিহত লিপি আক্তার (৩০) একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো: আজিজুল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম বলেন, লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে লিপি আক্তারকে তার চাচাত দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। রাসেলের প্রস্তাবে লিপি আক্তার সায় না দেয়ায় ক্ষিপ্ত হন।
এর জেরে ৩ অক্টোবর ২০২০সালে রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন তিনি। পরে নিহতের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিপি আরো জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেয়ার পাশাপাশি আসামী রাসেল মিয়াও হত্যার দায় স্বীকার করেন। বিচারক রাসেল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।