উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহরীন চৌধুরীর প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি—এটাই বর্তমান ব্যবস্থার বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি বলেন, “মাহরীন চৌধুরীর মতো একজন আদর্শ শিক্ষকের মৃত্যুকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা। আমরা চেয়েছিলাম এই সরকার মানবিক হবে, দায়িত্বশীল হবে—কিন্তু দিন দিন সেই প্রত্যাশা কমে আসছে।”
তিনি সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। তিনি চিকিৎসা বোঝেন না, স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, এমনকি যন্ত্রপাতি সম্পর্কেও তার কোনো ধারণা নেই। শুধুমাত্র ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ হওয়াটাই তার যোগ্যতা। তিনি যে বেতন নিয়েছেন তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, “লাশের ওপর দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ আবারও রাজনীতি করতে চায়। কিন্তু আওয়ামী লীগের অধ্যায় আমরা ক্লোজড করে ফেলেছি। ভবিষ্যতে তাদের উত্থানের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
হাসনাত বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে দুর্ঘটনা নয়—নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যসেবা থাকবে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা নিরাপদে থাকবে। মাহরীনের আত্মত্যাগ যেন শেষ না হয়, তার মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র গড়ে উঠুক।”
তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।