উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “ঘটনার পর থেকে নিহতের সংখ্যা নিয়ে নানা গুজব ও বিভ্রান্তি চলছে। এসবের অবসান ঘটাতে হলে সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য প্রকাশ করা উচিত।”
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “দুর্ঘটনার সময় ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, তা স্পষ্টভাবে জানানো হয়নি। সোমবার রাত থেকেই বিভিন্ন মাধ্যমে মরদেহ গুম হওয়ার অভিযোগ উঠে আসছে। এসব গুজব প্রতিরোধ করতে হলে সরকারের উচিত ছিল প্রতি মুহূর্তে আপডেট দেওয়া।”
তিনি বলেন, “আমরা একটি স্বাধীন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানাই, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।”
এসময় মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “এই ঘটনার পরও শিক্ষা উপদেষ্টার দায়িত্বহীনতা আমাদের হতবাক করেছে। তিনি ফোন রিসিভ করছেন না, এমনকি অন্য উপদেষ্টারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমন অব্যবস্থাপনা একটি সরকারের জন্য লজ্জাজনক।”
সচিবালয়সংক্রান্ত পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “যদি সরকার শুরু থেকেই দায়িত্বশীল হতো, তাহলে সচিবালয়ে এমন উত্তেজনা ও ছাত্রদের ক্ষোভ তৈরি হতো না।”
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।