জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব নুর আলম সোহাগ। রোববার (২০ জুলাই) সোনাগাজী উপজেলার জিরো পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিক্ষোভে সোহাগ বলেন, “এনসিপির এক নেতা আমাদের জাতীয়তাবাদী দলের গুম হওয়া স্থায়ী কমিটির এক নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—যদি এই মন্তব্যের জন্য ক্ষমা না চান, তাহলে আগামীকাল ফেনীতে আপনাদের ঢুকতে দেওয়া হবে না।”
সোহাগ আরও বলেন, “এই দেশ বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের দেশ। এখানে রাজনীতি করতে হলে জাতীয়তাবাদী নেতৃত্বকে সম্মান জানিয়ে করতে হবে।”
এদিকে, এনসিপি আগামীকাল (২১ জুলাই) ফেনীর মহিপালে পথসভা এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ওই কর্মসূচিতে জুলাই আন্দোলনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে।
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান রিজভী জানান, “ছাত্রদল নেতা সোহাগের বক্তব্যের বিষয়টি আমরা ফেনী জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাদের জানিয়েছি। তারা নিশ্চিত করেছেন, এটি সোহাগের ব্যক্তিগত মতামত, দলের কোনো সিদ্ধান্ত নয়।”
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, “সোহাগের বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদিও এটি দলীয় অবস্থান নয়, তবে এনসিপি নেতাদের কিছু মন্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। আমরা সেই বক্তব্যের প্রতিবাদ জানাই।”
চলমান পরিস্থিতিতে ফেনীতে এনসিপির কর্মসূচি ঘিরে বাড়তে পারে উত্তেজনা—এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে উভয়পক্ষই এখনো সংঘর্ষ এড়াতে সতর্ক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।