কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থানের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) চৌদ্দগ্রামের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতের জন্মদাতা।”
৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তুমুল বিতর্ক। ভিডিওতে দেখা যায়, কামরুল হুদা আরও বলেন, “জামায়াত তাদের জন্মদাতার সঙ্গেই বেইমানি করেছে। তারা শহীদ জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। এরা ধর্মের কথা বলে, অথচ বাস্তবে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে বেড়ায়।”
বক্তব্যটি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে সত্য ইতিহাস বললেও, অনেকে একে বিএনপি-জামায়াত সম্পর্কের নতুন টানাপোড়েনের প্রকাশ বলছেন।
বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কামরুল হুদা বলেন, “আমি বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতকে নতুন জীবন দিয়েছিলেন। আমরা সঠিক ইতিহাসই তুলে ধরছি। জামায়াত আজ যে শক্তি হিসেবে দাঁড়িয়ে, তা জিয়াউর রহমানের সুযোগদানে সম্ভব হয়েছিল।”
প্রসঙ্গত, এর আগেও একই নেতা ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছিলেন, “জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত।” সেই মন্তব্য নিয়েও দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছিল।
এইসব বক্তব্য বিএনপি ও জামায়াতের সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।