আমজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ শিবিরের আয়োজন করে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং নাঙ্গলকোট প্রেসক্লাব। পুরো কার্যক্রমটি পরিচালনা করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
দিনব্যাপী এই চক্ষু শিবিরে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন। অনেকেই চক্ষু সমস্যা নিয়ে দীর্ঘদিন চিকিৎসার সুযোগ না পেলেও এ শিবিরের মাধ্যমে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
শিবিরে আগত সাধারণ রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে সনাক্ত করে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হবে আশ্বাস প্রদান করা হয়।
এসময় শিবির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আবদুস সেলিম।
আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আশরাফ, অভিভাবক সদস্য মনির হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম ও ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিএসসি,
জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। চক্ষু শিবিরটি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামীতে আরও এমন আয়োজনের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।