“গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না”—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এ বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, “এখনও আমরা সময় দিচ্ছি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। তা না হলে আবারও গোপালগঞ্জে লং মার্চ করবো। তবে সেবার ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করেই ফিরবো।”
তিনি বলেন, “সারা দেশের মানুষ গোপালগঞ্জ যেতে প্রস্তুত। সবাই কালই যেতে চেয়েছে। খুব শিগগিরই আবারও গোপালগঞ্জ অভিমুখে যাত্রা শুরু হবে। তবে সরকারকে আগেই সতর্ক করছি—গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন কোনোভাবে হেনস্তা করা না হয়।”
পথসভায় নাহিদ ইসলাম আরও ঘোষণা দেন, “৬৪ জেলায় পদযাত্রা সম্পন্ন না করে আমরা ঘরে ফিরব না। এই আন্দোলন থামবে না। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে সমবেত হবো জুলাই সনদের চূড়ান্ত ঘোষণার জন্য। এই লড়াই মানুষের মুক্তির লড়াই—এ লড়াই থেকে কেউ আমাদের ফেরাতে পারবে না।”
নাহিদ ইসলামের এই বক্তব্যে রাজপথে উপস্থিত হাজারো কর্মী-সমর্থক স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই ঘন ঘন মাঠের কর্মসূচি নতুন রাজনৈতিক বাস্তবতায় একটি দৃঢ় বার্তা বহন করছে, যা ক্ষমতাসীনদের জন্য চাপ তৈরি করতে পারে।
এ সময় এনসিপির অন্যান্য নেতারাও গোপালগঞ্জে পুনঃমার্চের প্রস্তুতির কথা জানান এবং জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।