বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পাপিয়া বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার ও আদর্শ না বুঝলে বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনে থাকার প্রয়োজন নেই। তিনি বলেন, “যদি কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের আদর্শ ও রাজনৈতিক শিষ্টাচার বুঝতে না পারে, তবে তার বিএনপি করার কোনো যৌক্তিকতা নেই। এই মাটিতে তাদের জায়গা হওয়া উচিত নয়।”
সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “একজন শহীদ রাষ্ট্রপতির ছবি লাথি মেরে অপমান করা হয়েছে। এটা কেবল একজন নেতার নয়, একজন মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতার ঘোষকের অপমান। জিয়াউর রহমান শুধু সেক্টর গভর্নর ছিলেন না, তিনি ছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এক মহানায়ক।”
ব্যক্তিগত স্মৃতিচারণ করে পাপিয়া জানান, “আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন জিয়াউর রহমান আমাদের স্কুলে এসেছিলেন। তিনি মঞ্চে ওঠার আগে নামাজের সময় হলে নামাজ আদায় করেন। এমন একজন ধর্মপ্রাণ মানুষকে অপমান করার অর্থ, দেশের ইতিহাসকেই অসম্মান করা।”
তিনি বলেন, “একজন মৃত মানুষের ছবির ওপর পা দিয়ে যারা নিজের স্বার্থ হাসিল করতে চায়, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। এদের দিয়ে কোনো আদর্শের রাজনীতি হতে পারে না।”
আলোচনায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি রাজনৈতিক আদর্শ, শিষ্টাচার এবং শহীদ জিয়ার উত্তরাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।