রাজধানীর মিটফোর্ড এলাকায় বর্বর সন্ত্রাসী হামলায় নিহত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামে নিহত সোহাগের পরিবারের খোঁজখবর নিতে আসে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
তারেক রহমানের পক্ষ থেকে সোহাগের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। তিনি বলেন, “সোহাগের পরিবারের যেকোনো প্রয়োজনেই তারেক রহমান পাশে থাকবেন। এ হত্যাকাণ্ড নৃশংস ও কাপুরুষোচিত।”
নূরুল ইসলাম মণি আরও জানান, সোহাগকে হত্যা করেছে তার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও ভাড়াটে সন্ত্রাসীরা। পুলিশের প্রাথমিক তদন্তেও এমন তথ্য উঠে এসেছে। তিনি এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে কাকচিড়া হাইস্কুল মাঠে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, “একটি মহল অত্যন্ত কৌশলে মিটফোর্ডের ব্যবসায়িক দ্বন্দ্বকে চাঁদাবাজি হিসেবে প্রচার করে হত্যা ঘটনাটি বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালিয়েছে। এ মহল চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক।”
সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল।