জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা বলি পুরোনো বন্দোবস্ত ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে। যারা মাফিয়া সিস্টেম, চাঁদাবাজি ও ক্ষমতাকেন্দ্রিক দানবীয় নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে চায়—তাদের মানুষ আর মেনে নেবে না।”
শনিবার (১২ জুলাই) রাতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১২তম দিনের কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট রেল রোডে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই তরুণ প্রজন্ম আর কোনো নির্বাচনী ভাগবাটোয়ারায় বিশ্বাস করে না। তারা পরিবর্তন চায়, রাষ্ট্র সংস্কার চায়। আমরা বলেছি—রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন করতে হবে। সবার জন্য সেই পথ খোলা, কিন্তু যারা এখনও মাফিয়া ও দুর্নীতির পক্ষে অবস্থান করছেন, তাদের জন্য আর কোনো জায়গা নেই। জনগণ রাজপথে নেমে গেছে, তা চোখে আঙুল দিয়ে দেখানো প্রয়োজন নেই।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা আবার এসেছি, কারণ মাফিয়া-চাঁদাবাজ সিস্টেম এখনও বিতাড়িত হয়নি। এই ব্যবস্থা ভাঙতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেটাই আমাদের দায়। জুলাই সনদ বাস্তবায়ন হবেই, এবং তা জুলাই-আগস্টের মধ্যেই সম্পন্ন করতে হবে।”
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা জনগণের পক্ষে দাঁড়ান। যদি দলীয় নির্দেশেই চলেন, তাহলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। ফ্যাসিবাদের সময় যারা দলবাজ ছিল, তাদের পরিণতি যেমন হয়েছিল—আপনাদেরও হবে।”
এদিন এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পথসভায় বক্তব্য দেন এবং রাতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে পিরোজপুরের উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করেন।