ফয়সাল আহমাদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
২০২৪-এর জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে আন্দোলনে অংশগ্রহনকারী তরুণ প্রজন্মের অংশগ্রহণে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রীপুরে জুলাই’ শীর্ষক আলোচনা সভা।
শনিবার (১২ জুলাই) শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।
আলোচনা সভায় গত বছর জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী তরুণরা আন্দোলনে তাদের স্মৃতিচারণ ও আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে আলোচনা করেন।
তারা বলেন, নতুন এই বাংলাদেশে আমরা চাই না আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠুক।
এ সময় ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, ‘২৪ আন্দোলন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন ছিল। তাদের সফলতায় আজ আমাদের সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ খুলেছে। রাজনৈতিক সহাবস্থানে আমরা সবাই দেশকে সামনে এগিয়ে নিতে চাই
তিনি আরো বলেন, আমরা নতুন এক বাংলাদেশের পথে হাটছি এখন। এ আন্দোলনে যারা নিজের জীবন উপেক্ষা করে অংশগ্রহণ করেছে, জীবন দিয়ে রক্ত দিয়ে সফল করেছে তাদেরকে স্মরণীয় রাখতে ও সম্মান জানাতেই এ আলোচনা সভা আয়োজন করেছি। আমরা কখনোই তাদেরকে ভুলবো না।
আলোচনা সভায় আকন্দ ফাউন্ডেশন শ্রীপুরে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে সব সময় থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।