জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের শক্তি শেষ হয়ে যায়নি, তা এখনো মাঠে আছে এবং কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভয় দেখিয়ে এই শক্তিকে দমিয়ে রাখা যাবে না।
শনিবার (১২ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এক পথসভায় তিনি জনগণকে নতুন করে জেগে ওঠার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশের সংস্কার, বিচার, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে একটি পক্ষ—যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। যারা চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। তারা ভেবেছিল কিছু আসন বা ক্ষমতার ভাগবাটোয়ারা দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তি কিনে নেবে। কিন্তু তারা ভুলে গেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিপ্লবীদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো দলের নেই।”
তিনি স্পষ্ট করেন, “আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশকে নতুন করে গড়ি। বিভাজন দূর করি। কিন্তু তারা সায় দেয়নি। তারা শুধু নির্বাচন ঠেলে দিতে চায়—যেন আবার সেই পুরাতন শাসন-শোষণ চলতে পারে।”
পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, “যে দেশের ছাত্র-জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে পেরেছে, তারা চাঁদাবাজদের ভয় করবে? আজকে আমরা বলছি, ঐক্যবদ্ধ হোন। নতুন করে প্রস্তুতি নিন। ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।”
তিনি সাতক্ষীরাবাসীর উদ্দেশে বলেন, “আপনারা রেল, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ন্যায্যতা চান—এনসিপির সঙ্গে থাকুন। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে নতুন ইশতেহার দেব, চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে নতুন শপথ নেব।”
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতারা। উপস্থিত জনতা নাহিদের বক্তব্যে বারবার করতালি দিয়ে সমর্থন জানান।