ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল কর্মী নুর ইসলাম ছাত্রদল ও বিএনপির যাবতীয় কর্মকান্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ।
শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই ঘোষণা দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী।
পোস্টে তিনি লিখেন, “আমি আজীবনের জন্য ছাত্রদল এবং বিএনপির কর্মকান্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। দলের কোন দায়ভার আমি নিতে চাই না। তাই রাজনৈতিক কারণে কারো সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে থাকলে ক্ষমা প্রার্থী।”
এ বিষয়ে নূর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজধানীর মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ভিডিও দেখে আমার খুব খারাপ লেগেছে। তাই আমি আমার সুস্থ মস্তিষ্কে দল থেকে সরে এসেছি। ইবি ছাত্রদলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম এবং আমার পুরো পরিবার বিএনপি করেন।
তিনি আরও বলেন, বর্তমানে আমার দলের যে অবস্থা তাতে কী আর বলবো! আমি ছাত্রদল করি অনেকেই জানেন। যখন কেউ জিজ্ঞাসা করে যে, তোর দল এই অপকর্ম করে সেই অপকর্ম করে তখন আমি যুক্তি দিতে পারি না। দলের প্রতি আমার কোনো লোভ-লালসা ও চাওয়া-পাওয়া নেই।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন কর্মী ফেসবুকে ছাত্রদল বিএনপির সাথে সম্পর্ক ছিন্নের বিষয়ে কী দিয়েছে আমি কিছুই জানি না।
তবে যদি করে থাকে তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। সে আসলেই ছাত্রদল করতো কিনা বা ৫ই আগস্টের পর কোন গুপ্ত সংগঠন থেকে এসেছে কিনা এটাও দেখার বিষয়। আর যেটা করতো সেটা ছাত্রলীগ করতো।হয়তো ছাত্রলীগ করতো বা গুপ্ত সংগঠন করতো।
কে কী পোস্ট করেছে সেটা আমি দেখেনি আমার নজরেও আসেনি। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। একজনের ভালো নাই লাগতে পারে, অন্য সংগঠন করতে পারে। যারা পিওর দল করে তারা এরকম কাজ করবে না।