চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে ইপিজেড এলাকার একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন দ্রুতই পাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার সূত্রপাত অ্যারো ফেভারিট নামে একটি অফিসের পাশে হলেও, তা আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেছে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগতে পারে বলে ধারণা করছেন দমকল কর্মীরা। এখনো হতাহতের খবর নিশ্চিত না হলেও, স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশপাশের ভবন খালি করে ফেলা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।