নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি :
গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।
প্রকৌশলী এনামুল হক জানান, গত দুই বছর ধরে ঘোড়াশালে গ্যাস সংকট চলছে। এর ফলে চলতি বছরের ৯ জুন ৫ নম্বর (২১০ মেগাওয়াট), ১৩ জুন ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট) এবং ১৪ জুন থেকে ৭ নম্বর (৩৬০ মেগাওয়াট) ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, সরকার সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমাদের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি। গ্যাস পেলে আমরা দ্রুতই উৎপাদনে ফিরতে পারব।
তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট) গত দুই মাস ধরে টারবাইনের রোটারের ব্লেডে ত্রুটির কারণে বন্ধ রয়েছে। মেরামত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গ্যাস সরবরাহ চালু হলে এটি পুনরায় উৎপাদনে যেতে পারবে।
এছাড়াও তিনি জানান, ২০১০ সালের জুন মাসে অগ্নিকাণ্ডে ৬ নম্বর ইউনিটের (২১০ মেগাওয়াট) টারবাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই ইউনিটে উৎপাদন স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের নির্মাণ কাজ শেষ করে রাশিয়া টেকনোপ্রম এক্সপার্ট। ১৯৭৪ সালের জানুয়ারি মাসে মাত্র ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এর যাত্রা শুরু করা হয়।
পরে ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অপর ২নং ইউনিটটি ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে উৎপাদনে আসে।
বার বার যান্ত্রিক সমস্যার কারণে এ দুটি ইউনিটেরও উৎপাদন বন্ধ করে দিযেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাই ১ ও ২ নং ইউনিট দুটি ভেঙে নতুন করে অপর নতুন ইউনিট স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।