মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধিঃ
ভোলায় অগ্নি নির্বাপণ বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জনসাধারণের জান-মাল রক্ষা, উদ্ধার কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একইসঙ্গে দুর্যোগকালীন সময়ে উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা কোস্ট গার্ড বেইস কর্তৃক তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে একটি অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন, ফায়ার সার্ভিস, ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও তরুণরা অংশগ্রহণ করেন।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড নিয়মিতভাবে পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
জনগণের জানমাল রক্ষায় জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করে বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।