জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনব।” বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলে তিনি বলেন, “দেশকে পুনর্গঠন করতে এই দুইয়ের কোনো বিকল্প নেই।”
শনিবার (৫ জুলাই) রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আসা জনতার উদ্দেশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এনসিপির প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ৬৪ জেলায় এই পদযাত্রা চলছে।
নাহিদ ইসলাম বলেন, “নওগাঁয় এসে দেখলাম রাস্তার করুণ অবস্থা। ১৫ বছর ধরে সরকার শুধু উন্নয়নের গল্প শোনালেও বাস্তবে প্রতারণা করেছে। সেই প্রতারণার সময় শেষ হয়েছে। এনসিপি মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আমরা মানুষের কথা শুনছি, শহীদ পরিবারের কথা শুনছি।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব তৈরি করেছে। আমরা সেই নেতৃত্বেরই প্রস্তাব রাখছি। ৭১-এ আমরা স্বাধীনতা এনেছিলাম, কিন্তু তা রক্ষা করতে পারিনি। ২০২৪-এর গণঅভ্যুত্থান আমরা বেহাত হতে দেব না। স্বাধীনতাকে রক্ষার এই লড়াইয়েই জুলাই শহীদদের যথাযথ সম্মান দেওয়া হবে।”
পথসভায় নওগাঁ জেলা এনসিপি নেত্রী মুনিরা শারমিন বলেন, “ফ্যাসিবাদের পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। নওগাঁয় উন্নত চিকিৎসা ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস দ্রুত চালুর দাবি জানাই।”
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। এত প্রমাণ থাকা সত্ত্বেও বিচার নেই। আওয়ামী লীগের বিচার এই মাটিতেই করতে হবে।”
এর আগে সন্ধ্যায় বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে রুবির মোড় পর্যন্ত ভ্যানগাড়ি শোভাযাত্রা হয়। পরে নেতারা পায়ে হেঁটে নওজোয়ান মাঠে আসেন।
সভাস্থল নানা স্লোগানে মুখরিত হয়: ‘দালালি না রাজপথ’, ‘আপোষ না সংগ্রাম’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।