বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “দীর্ঘ ১৭ বছর ধরে দেশে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, যে রক্তপাত হয়েছে তা পিআর পদ্ধতির জন্য নয়। জনগণ সরাসরি প্রার্থী, মার্কা আর দল দেখে ভোট দিতে চায়, সংখ্যানুপাতের ভিত্তিতে নয়।”
বৃহস্পতিবার (৩ জুলাই) ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতি আছে।
কিন্তু সেই ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেম, উলামা আর পীরদের আদর্শ হয়ে উঠল তা বুঝে আসে না।” তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে দুর্বল করতে কিছু ছোট দল জুলাই চেতনার পরিপন্থি কাজ করছে।
জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে, তবে জনগণের স্বার্থবিরোধী কোনো ছাড় বিএনপি দেবে না। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হবে, সেই গুরুদায়িত্ব বিএনপিরই।”
প্রিন্স বলেন, “আমাদের সবার আগে দেশপ্রেম, সবার আগে বাংলাদেশ— এই মানসিকতা নিয়ে এগোতে হবে। ব্যক্তিগত পাওয়ার জন্য নয়, বরং জনগণকে কী দেই সেই বিবেচনায় রাজনীতি করতে হবে। তাহলেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, যেটা তারেক রহমান ও বেগম খালেদা জিয়া তুলে ধরেছেন।” তিনি বলেন, “সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি।
এখন সেই আন্দোলনের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা ধীরে এগোচ্ছি, কিন্তু দ্রুত গতিতে এগোতে হবে। অন্তর্বর্তী সরকারের যারা ড্রাইভিং সিটে আছেন, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূস— তাদের দায়িত্ব এই গাড়িকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব জেলা সভাপতি ডা. এ কে এম মুসা শাহীন এবং সঞ্চালনা করেন ডা. সায়েম মনোয়ার। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় স্বেচ্ছায় রক্তদান করেন।