‘আমিও যদি দুর্নীতি করি, আমার সম্পর্কেও লিখবেন’—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সত্য লিখুন, নির্ভীক থাকুন।
আমি নিজেও যদি কোনো দুর্নীতি বা অন্যায় করি, আমার নাম লিখে খবর করবেন। কারণ প্রশাসন, রাজনীতি ও রাষ্ট্রীয় দায়িত্বে যাদের থাকি, তাদের সবার আগে জবাবদিহি করতে হবে।” তিনি বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো পার্টি দেখে ছাড় দেওয়া হবে না।
প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে—অপরাধী যেই হোক, ব্যবস্থা নিন। যদি কোনো রাজনৈতিক পরিচয় দেখিয়ে প্রভাব খাটানো হয়, সেসবও দেখবেন।” উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “জনগণের টাকায় আমাদের বেতন, গাড়ি, সুবিধা—সব চলে। সেই জনগণের সেবা না করে যদি হয়রানি করি বা ঘুষ নেই, সেটা সবচেয়ে বড় অপরাধ। সাংবাদিকদের কাজ হলো এসব সামনে আনা।”
তিনি প্রশাসন ও পুলিশের উদ্দেশে বলেন, “আপনারা দল-মত না দেখে কাজ করবেন। কেউ ফোন করলেই ছেড়ে দেবেন না। অপরাধী অপরাধীই।” দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, রাস্তা আটকিয়ে টাকা তোলা, পুলিশকে প্রভাবিত করা—এসবের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সব জায়গায় কঠোর ব্যবস্থা হবে। যে নেতা-কর্মী হোক, যদি দোষী হয়, শাস্তি হবে।”
সাংবাদিকদের তিনি বলেন, “আপনারা কারো ভয় না পেয়ে লিখবেন। সত্য লেখাই সাংবাদিকতার দায়িত্ব। সরকার আপনাদের স্বাধীনতা রক্ষা করবে। আর আমি যদি অন্যায় করি, আমার নাম সবার আগে শিরোনাম করবেন।” সভা শেষে উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের বার্তা মাঠ প্রশাসন ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।