মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে দুটি অবৈধ সীসা তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুঁড়িয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র পুরনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ।
এ সময় কারখানা দুটি এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, ঘাটাইল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান, বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।