জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে শিবির সভাপতি বলেন, “শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে, তখন জুলাই স্পিরিটকে ধরে রাখতে ছাত্রশিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি জানান, ৫ আগস্টের পর থেকে শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থান কেন্দ্র করে বিভিন্ন অর্থবহ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে রয়েছে গায়েবানা জানাজা, কবর জিয়ারত, শহীদ পরিবারের খোঁজখবর, সহযোগিতা, ঈদে সৌজন্য সাক্ষাৎ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিলিখন প্রতিযোগিতা, গণহত্যার বিচারের দাবিতে আন্দোলনসহ নানামুখী উদ্যোগ।
নতুন ৩৬ দিনব্যাপী কর্মসূচির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে “জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ”। কর্মসূচির মধ্যে থাকবে—
সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স ও আলোচনা সভা
শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ
‘জুলাই দ্রোহ’ শিরোনামে বিক্ষোভ মিছিল
আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, কালচারাল ফেস্ট
গ্রাফিতি অঙ্কন, স্মৃতিলিখন, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা
শহীদদের নামে পাঠাগার স্থাপন
‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট
সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ
অনলাইন ক্যাম্পেইন ‘Think Back to 36 July’
শিবিরের নেতারা জানিয়েছেন, কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এসব কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করা হবে। এর মাধ্যমে আন্দোলনের স্মৃতি ধরে রাখা, শহীদদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে সচেতন করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।