বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে খালি ম্যাগাজিন পাওয়া নিয়ে চলা বিতর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিষয়টি আসলে ‘জাস্ট একটা ভুল’।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “অনেকে বলছেন তিনি (আসিফ মাহমুদ) একে ৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে ৪৭ নয়, তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে ব্যাগে রয়ে গিয়েছিল। এটা আসলে জাস্ট একটা ভুল।”
তিনি উদাহরণ টেনে বলেন, “অনেক সময় এমন হয়—আপনি চশমা নিতে যান কিন্তু ভুল করে মোবাইল নিয়ে রওনা হয়ে যান। এটা ঠিক সেরকমই। উনি যদি আগে জানতেন, কোনো অবস্থাতেই এটা নিতেন না।”
তাকে প্রশ্ন করা হয়, বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স কমপক্ষে ৩০ বছর হওয়া শর্ত থাকলেও উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি, তিনি কীভাবে লাইসেন্স পেলেন? উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারব না।”
বিমানবন্দরে তিন দফা স্ক্যানিংয়ে দ্বিতীয় পর্যায়ে না ধরা পড়ে শেষ পর্যায়ে গিয়ে ম্যাগাজিন ধরা পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ধরে নিন আমার ভাই একজন নেতা। উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন আর না হয়। সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করতে হবে, এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সোমবারের বৈঠকে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্নে করার বিষয়ে আলোচনা হয়েছে। “এই সময়ে কোনো ধরনের হুমকি নেই, তবে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে,” বলেন তিনি।