পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার করতে বড় সহায়তা দিল চীন। ইসলামাবাদ জানিয়েছে, বেইজিং প্রায় ৩৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (২৯ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীনের এই ঋণ নবায়ন এবং সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ মিলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বেইলআউট চুক্তি অনুযায়ী, জুন শেষের আগে এই রিজার্ভ স্তর অর্জন করা পাকিস্তানের জন্য বাধ্যতামূলক।
বেইজিং পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে রাখা ২১০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়েছে। এ ছাড়া, দুই মাস আগে পরিশোধ করা ১৩০ কোটি ডলারের আরেকটি ঋণও পুনর্বিনিয়োগের আওতায় আনা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, শুধু চীন নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকেও পাকিস্তান ১০০ কোটি ডলার ঋণ পেয়েছে। একই সময়ে, বহুপাক্ষিক সহায়তা সংস্থাগুলোর কাছ থেকেও ৫০ কোটি ডলারের অর্থ সহায়তা নিশ্চিত হয়েছে।
এই সহায়তা এমন সময়ে এলো, যখন পাকিস্তান আইএমএফের ৭০০ কোটি ডলারের বেইলআউট চুক্তির আওতায় কড়াকড়ি আর্থিক সংস্কার বাস্তবায়ন করছে। দেশের বাজেট ঘাটতি কমানো, কর আদায় বৃদ্ধি, জ্বালানির ভর্তুকি হ্রাসসহ নানা কঠিন শর্ত মানতে হচ্ছে ইসলামাবাদকে।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, চীনের ঋণ নবায়ন এবং আইএমএফ-সমর্থিত সংস্কারের ফলে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। বর্তমান সংকট থেকে উত্তরণে বেইজিংয়ের এই অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?