শেকৃবি প্রতিনিধি:
ভবিষ্যতের চাকরির বাজার এবং প্রাণিসম্পদ খাতের বাস্তব চাহিদা পূরণে কম্বাইন্ড ডিগ্রি চালুর সময় এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আখতার। তিনি বলেন, “চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। দেশের প্রয়োজনে এখন ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে একত্রে দেখা জরুরি।”
রোববার (২৯ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পশুপালন ও পশুচিকিৎসা অনুষদ আয়োজিত “ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন – ২০২৪” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা এখন আমদানি নির্ভর নই, রপ্তানির দিকে যাচ্ছি। কুরবানির পশু রপ্তানিতে ভ্যাক্সিনেশন অত্যন্ত জরুরি। সুস্থ পশু মানেই নিরাপদ খাদ্য। আর সেফ ফুড এখন সময়ের চাহিদা, যা তোমাদের মতো শিক্ষার্থীদের হাত ধরেই সম্ভব।”
দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি প্রাণীদের সুস্থ রাখতে পারি, তাহলে মানুষের রোগও কমে আসবে। তোমরাই জাতির ভরসা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ, প্রো-উপাচার্য ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার ড. মো. আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এম ডি আবু সুফিয়ান, এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
অনুষ্ঠানে পরপর দুই সেমিস্টারে ৩.৮ বা তদূর্ধ্ব সিজিপিএ অর্জনের জন্য মোট ৯০ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।