বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে আওয়ামী লীগ নেতার মৎস্য খামারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা ব্যবহার করে টয়লেট নির্মাণের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন এবং ওই টয়লেট গুঁড়িয়ে দেন।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপু। বিএনপির নেতাদের অভিযোগ— এটি পরিকল্পিত অবমাননা।
ডেমা ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক জুলফিকার আলী স্পিকারসহ নেতারা সমাবেশে তীব্র নিন্দা জানান। তারা আজাদ টিপুর গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলেন।
স্থানীয়রা জানান, ওই মৎস্য খামারে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিসংবলিত প্যানা ব্যবহার করে টয়লেট নির্মাণ করা হয়।
খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে টয়লেটটি ভেঙে দেন। এরপর ইউনিয়নজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
বিএনপি নেতাদের অভিযোগ, টিপু ঘোষণা দিয়েছিলেন— কেউ যদি তারেক রহমানের ছবিসংবলিত প্যানা দিয়ে টয়লেট বানিয়ে দেয়, তাকে তার মৎস্য খামার বিনামূল্যে ব্যবহার করতে দেবেন।
এই ঘোষণার পর কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শোয়েব ফকির ওই প্যানা সরবরাহ করেন এবং টয়লেট নির্মাণে যুক্ত থাকেন। ঘটনার পর শোয়েব পলাতক।
বক্তারা একে ‘চরম অপমান’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতাদের অবমাননা করছে। তারা দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।