সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ পৌর শহরের সুলতানপুর এলাকায় জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের গ্যাস সরবরাহকারী একটি পাইপ লাইনে লিকেজ দেখা দিয়েছে। ফলে পাইপের ছিদ্র/ফাটল দিয়ে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। এতে আশপাশের এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভারী হয়ে উঠেছে।
গ্যাস বাতাসের সাথে মিশে যেকোনো মুহূর্তে বিস্ফোরক মিশ্রণ তৈরি করতে পারে, এতে অনাকাঙ্খিত পরিস্থিতি আশঙ্কায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের সুনামগঞ্জ সরকারি কলেজ গেইট থেকে ডান দিকের সড়ক দিয়ে সুলতানপুর যাওয়ার মাঝপথে একটি ছোট কালবার্টের ওপর দিয়ে যাওয়া জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এইটি পাইপের ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে।
এতে আশপাশের এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভারী হয়ে উঠেছে। এই ব্রিজের একপাশে বেশ কয়েকটি বহুতল ভবন ও ছোট দোকানপাটও রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই লিকেজটি নজরে এলেও এর দ্রুত সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে।
শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করে স্কুল-কলেজে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে গ্যাস পাইপের এমন বিপজ্জনক লিকেজ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।
এই পথ দিয়ে নিয়মিত চলাচল করেন নাহিদ আলম নামের একজন চাকুরিজীবি। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়ে যাওয়া গ্যাস পাইপ থেকে গ্যাস বের হচ্ছে। প্রচুর গন্ধ পাওয়া যায়। মনে হচ্ছে যেকোনো সময় বিস্ফোরণের মতো কিছু একটা ঘটে যাবে।
স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, নিয়মিত গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহের পাইপের মেরামত করা হোক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে৷
এ বিষয়ে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল হক বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে লিকেজের বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়।
ইতিমধ্যেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি এবং জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, খুব শিগগিরই বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে এই লিকেজ মেরামত করবে।