সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় সদ্য ঘটিত ড্রোন উড়ানের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ বড়খাতা বিওপির কাছে ভারতের ১৫৭ বিএসএফ-এর ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে একযোগে ৮-১০টি ড্রোন উড়ান চালায়।
এই ড্রোনগুলো ভূমি থেকে প্রায় ১,২০০ ফিট উচ্চতায় উড়ছিল বলে জানা গেছে। ড্রোনগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঢুকেছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই বাড়ি ছেড়ে খোলা মাঠে ও নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেয়।
উদ্বেগজনক এই ঘটনার পর থেকে এলাকার মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনায় ব্যাহত হচ্ছেন। কৃষি কাজে মনোযোগ দিতে পারছেন না অনেকেই। কানাঘুষায় মনোযোগ দিয়ে তারা নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
অথচ এখন পর্যন্ত বিজিবি কিংবা কোনো সরকারি সূত্র থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি আসেনি। একটি সূত্রে জানা গেছে, বিজিবি ঘটনার তদন্তের চেষ্টা চালাচ্ছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে গ্রামবাসী জানান, ড্রোনগুলো সাধারণ কোনো পর্যবেক্ষণ যন্ত্র হলেও এত উচ্চতায় এবং এতগুলো একসঙ্গে উড়ান চালানো হওয়ায় এ বিষয়ে আশঙ্কা বাড়ছে। তাই এ ঘটনার প্রেক্ষিতে সঠিক তদন্ত ও তথ্য প্রকাশের দাবি জোরালোভাবে উঠছে এলাকাবাসীর মধ্যে।