নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে কালচারাল একাডেমির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার।
একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি
এম. এ. জিন্নাহ, সুসং আদর্শ বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা কবি বিদ্যুৎ সরকার, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন এবং কালচারাল একাডেমির সাবেক গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই অগ্রদূত। তাঁদের সাহিত্য, সংগীত ও চিন্তাধারা জাতীয় চেতনার বিকাশে অনন্য ভূমিকা রেখেছে।
রবীন্দ্রনাথ যেখানে সমাজের উন্নয়ন ও মানবতার জয়গান করেছেন, সেখানে নজরুল তুলে ধরেছেন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের চিত্র। তরুণ প্রজন্মকে এ দুই মনীষার সাহিত্য ও শিল্পকর্ম গভীরভাবে চর্চার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ছিল কবিতাপাঠ ও নৃত্য পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে।