আমাজদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সেবারহাট মেডিকেল সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি দোকান সম্পূর্ণ ও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিনির্বাপণকালে বিদ্যুৎস্পৃষ্টসহ বিভিন্ন কারণে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে আবদুর রবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে: বোম্বাই ইলেকট্রিক (২টি), সুরভী স্টোর, মা মেডিকেল হল, ডিম ও মসলা দোকান, বেকারি, খাদ্য ও সেলুন দোকান।
সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াদ মাহমুদ গণমাধ্যম কে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।