নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা যাচাই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল আয়োজিত সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, “নির্বাচন হচ্ছে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সেতুবন্ধন। কোনো দল জনপ্রিয় নাকি অজনপ্রিয়, সেটি নির্ধারণের একমাত্র উপায় নির্বাচন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বলি, কারণ তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অপরদিকে খুনি শেখ হাসিনা তিনটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে পরাজিত হয়েছেন।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে নাছির বলেন, “তিনি দাবি করেছেন এনসিপি ৩০০ আসনে জয়লাভ করবে। প্রকৃতপক্ষে এই ধরনের বক্তব্য ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বা ভোট কারচুপির ইঙ্গিত বহন করে।
বাংলাদেশের রাজনীতিতে ভোট ডাকাতির যে কুখ্যাত ইতিহাস আছে, তিনি সেটিকেই বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছেন।”
ছাত্রদল নেতা নাছির উদ্দীন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “নাসির উদ্দীন পাটোয়ারীকে অনুরোধ করব—আপনি অন্তত নিজের জন্মস্থান চাঁদপুরে গিয়ে কয়েকটি সভা-সমাবেশ করে দেখান, সেখানে আপনার জনপ্রিয়তা কতটুকু, সেটি জনগণ বিচার করবে। তারপর বলা যাবে আপনি একটি আসন পাবেন, না কি ৩০০ আসন।”
তিনি বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।”