ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নির্মম, অবৈধ ও অগ্রহণযোগ্য।
শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। আরাগচি বলেন, “এই হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক এবং নজিরবিহীন লঙ্ঘন। এ ধরনের হামলা আন্তর্জাতিক শৃঙ্খলা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।”
তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে “নির্লজ্জ ও ভয়ংকর হামলা” হিসেবে অভিহিত করে বলেন, “ইরান কখনো অন্যায় হামলার শিকার হয়ে চুপ করে থাকবে না। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর এই ধরনের আগ্রাসন গোটা বিশ্বকে অস্থিতিশীল করতে পারে।”
আরাগচি সতর্ক করেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনি কাঠামো উপেক্ষা করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির বীজ বপন করেছে। তিনি বলেন, “যারা আইন মানে না, তাদের আগ্রাসন এক সময় নিজের জন্যই বিপদ ডেকে আনে। আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগে পিছপা হব না।”
ওআইসি সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইরানের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের এ ধরনের আগ্রাসনের নিন্দা জানান। আরাগচি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করে।
পাশাপাশি, তিনি কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন এবং বলেন, “শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমেই এই সংকট সমাধান সম্ভব।”
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?