ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। এমন প্রেক্ষাপটে ইরানি নাগরিকদের বিকল্প ইন্টারনেট সুবিধা দিতে স্টারলিংক সেবা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক।
শনিবার (১৫ জুন) রাত ১টা ৪ মিনিটে সাবেক টুইটার, বর্তমান এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে ইলন মাস্ক লিখেন, “The beams are on”, অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
এর আগে শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে “অস্থায়ী সীমাবদ্ধতা” আরোপ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এর ফলে ইরানের জনগণ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও তথ্য থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই অবস্থায় ইরানি জনগণের তথ্যপ্রবাহ নিশ্চিত করতে এগিয়ে আসেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার মালিকানাধীন স্টারলিংক হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সরবরাহে সক্ষম।
বিশেষ করে সংকটকালীন পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ স্থাপনে স্টারলিংক ইতিপূর্বে ইউক্রেন ও গাজা অঞ্চলে ব্যবহৃত হয়েছে। এবার ইরানেও এটি চালুর ঘোষণা মাস্কের পক্ষ থেকে প্রযুক্তির ব্যবহারকে মানবাধিকার ও তথ্যপ্রবাহের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে তুলে ধরেছে।
বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের এই সিদ্ধান্ত ইরানে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এক নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?