সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক পুশইনের চেষ্টা করেছে। এ ঘটনায় একই পরিবারের ৭ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপর ১২ জন নাগরিক পাটগ্রাম ও হাতীবান্ধার সীমান্তে শূন্যরেখায় আটকে পড়েন।
আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকায় (পিলার নং ৯২৬/৩-এস) বিএসএফ একই পরিবারের ৭ সদস্যকে জোরপূর্বক বাংলাদেশে পাঠায়। আটককৃতরা হলেন—
– ওবায়দুর রহমান (৪৫),
– তার স্ত্রী মাহমুদা বেগম (৪০),
– ছেলে মাহাবুল (১৫) ও মজিবর (১৩),
– মেয়ে জান্নাতি (৯), জাহানারা বেগম (৭) এবং সবচেয়ে ছোট সন্তান আসমি (৭ মাস)।
তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করায় বিজিবি তাদের আটক করে। পরে পরিচয় যাচাই করে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, এরা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। প্রায় ৩ বছর আগে দালালের সাহায্যে তারা ভারতে গিয়েছিলেন এবং ফেরার পথেও দালালের শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সময়ে পাটগ্রামের ঝালঙ্গি সীমান্তে ৭ জন এবং হাতীবান্ধার বড়খাতা দোলাপাড়া সীমান্তে ৫ জনকে বিএসএফ পুশইনের চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটলে ওই ১২ জন শূন্যরেখায় আটকে পড়েন।
বর্তমানে বিজিবি ও স্থানীয় প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালাচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ৭ জন নাগরিককে আদিতমারী থানায় অন্তরীণ করা হয়েছে। শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে কোনোভাবে পুশইন না করা হয় তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয় প্রশাসন।