রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে জাপা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান নিশ্চিত করেছেন, রোববার (১ জুন) দুপুরে দুটি মামলা রেকর্ড করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) রাতে রংপুর নগরীর সেনপাড়ায় জিএম কাদেরের পৈতৃক বাসভবন ‘দ্য স্কাইভিউ’-তে হামলা চালানো হয়। এ ঘটনায় শুক্রবার (৩০ মে) রাতে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
তাদের বিরুদ্ধে হামলা, গুলি বর্ষণ, ককটেল নিক্ষেপ ও মোটরসাইকেলে আগুন ধরানোর অভিযোগ আনা হয়। জাপা দাবি করছে, এই হামলার লক্ষ্য ছিল জিএম কাদেরকে হত্যার উদ্দেশ্য।
অন্যদিকে, শনিবার (৩১ মে) রাতে এনসিপির পক্ষ থেকে আলমগীর রহমান নয়ন বাদী হয়ে জিএম কাদেরসহ জাপার শীর্ষ ১৮ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, ৩০ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা চালিয়ে তাদের আহত করা হয় এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া মিছিলে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
ওসি আতাউর রহমান জানিয়েছেন, মামলাগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ঘটনায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। রংপুরের রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।