বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে, কিন্তু সেই নেতৃত্ব এখন মসনদ ছাড়তে চাইছে না।
রবিবার (১ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক প্রশ্ন তুলেন, নয় মাস অতিবাহিত হলেও এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি কেন। তিনি বলেন, “বিচারপতি সাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নির্বাচন করতে পেরেছে, তাহলে আপনারা সাড়ে নয় মাসেও কেন পারছেন না?” তিনি সতর্ক করে বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক মঞ্চ থেকে সরানো হলেও এখন বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তাই তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, কোনো বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকতে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
শামীম ওসমান প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা পালিয়েছে, সাথে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানও পালিয়েছে।” ফারুক বলেন, আগে বিএনপির নেত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হতো, তখন শামীম ওসমান খেলার ডাক দিতেন, কিন্তু আজ মাঠ খালি, তারা আর নেই। তিনি বলেন, “এখন মাঠে নিরপেক্ষ রেফারি আছে, সেই মাঠে খেলতে আসুন।”
অনির্বাচিত সরকারের ওপর আক্রমণ করে তিনি বলেন, করিডোর, বন্দর দেওয়া এসব সরকারের কাজ নয়, তাদের দায়িত্ব নির্বাচন ও আইন সংস্কার করা। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মিতালী মার্কেট দোকানদার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শিপন, সমাজসেবক হাজী কমর আলী মাতব্বর প্রমুখ।