ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় বুধবার (২৮ মে) শুনানি শেষে এই রায় দেওয়া হয়। মামলার অন্য তিন আসামি মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত এবং শরীফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।
অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সুব্রত বাইন দেশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি দেশের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বড় ধরনের সাফল্য।
অভিযানে অংশ নেওয়া সেনা ও পুলিশের সমন্বিত দল জানিয়েছে, তাদের কাছে থাকা অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম দিয়ে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন রিমান্ডে নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।