বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শুধু একটি নির্বাচন দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না; গণতন্ত্রের জন্য প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক ধারা, নৈতিকতা ও জনগণের অধিকার রক্ষা।
মঙ্গলবার (২৭ মে) মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, “যারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে হতাশ, তারা সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট দেখে হতাশ হয় না। এমনকি নিজের দলের নেতাকর্মীরা একে-অপরকে হত্যা করছে, সেটাও দেখে না। তারা কেবল নির্বাচনের নাম করে গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থাকা, জনগণের আস্থা অর্জন করা। যারা একে-অপরকে হত্যা করে, দুর্নীতি করে, অর্থ পাচার করে, তারা কখনোই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না।”
ড. মাসুদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “ক্ষমতায় থাকা গোষ্ঠী সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও নৈরাজ্যের মাধ্যমে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করছে। ইতোমধ্যে জনগণ তাদের কর্মকাণ্ডে আতঙ্কিত ও শঙ্কিত।”
তিনি সবাইকে আহ্বান জানান, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নৈতিক ও সৎ রাজনৈতিক ধারা অনুসরণের এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার। “সত্যিকারের গণতন্ত্র মানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের লড়াই নয়,” বলেন জামায়াতের এই নেতা।