সজিব রেজা, দিনাজপুর :
আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্যকোনো দলের কেউ আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেক রাজনৈতিক দল এক সাথে জেলা উপজেলায় কাজ করবো। আমাদের মধ্যে হবে ভালো কাজের প্রতিযোগিতা। যে ভালো কাজ করে তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিবে ।
মঙ্গলবার (২৭ মে) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড় এলাকায় এক পথসভায় বাংলাদেশ নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, কেউ যদি ভালো কাজ করে, ভালো মানুষ হয় সে যদি আমার দলের নাও হয় আপনি তাকে বেছে নিবেন । কারণ ভালো মানুষের কাছে ক্ষমতা থাকে সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার হবে। যদি খারাপ মানুষের কাছে ক্ষমতা যায় তাহলে সেই ক্ষমতা এলাকায় চাঁদাবাজির জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের হাতে মার্কা আর দল দেখে আপনি ক্ষমতা তুলে দেন তাহলে সেই ক্ষমতা মানুষের শোষণ করার জন্য ব্যবহার হবে ।
দিনাজপুর জেলার শেষ সীমানা ঘোড়াঘাট থানা দীর্ঘ দিন ধরে অবহেলায় পড়ে আছে। এ থানার উন্নতির জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক আলী নাছের খান, যুগ্ম মূখ্য সংগঠক সাদিয়া ফারজিনা দিনা, যুগ্ম মূখ্য সংগঠক আবু সাইদ লিয়ন, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মেহেরাজ শাহরিয়ার মিথুন ও এনসিপির ঘোড়াঘাট উপজেলার সংগঠক আব্দুল মান্নান সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।