জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে জনগণকে যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে সবার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন।”
মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রামের চকবাজার এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন,
“আমাদেরকে আগে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি, আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে কিছু বলতে পারবো না।”
তিনি আরও বলেন, “আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা,
অথচ বাসা ভাড়া দিচ্ছে ২৫ হাজার, আপনাকে দেড় লাখ টাকার আইফোন কিনে দিচ্ছে—আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনও পর্যন্ত হচ্ছে না।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন ও মো. আতাউল্লাহ। বক্তারা সবাই দুর্নীতি বিরোধী অবস্থান এবং জনগণকে সচেতন হওয়ার ওপর জোর দেন।