বর্তমান নির্বাচন কমিশনকে বিএনপির দলীয় কার্যালয় আখ্যা দিয়ে এর পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, “আমরা যতদিন বেঁচে আছি, এই কমিশন পুনর্গঠন করেই ছাড়ব।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে এবং এটি একটি ‘দলীয় কার্যালয়ে’ পরিণত হয়েছে।
এ সময় তিনি নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেন এবং বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবেই। সালাউদ্দিন ভারত থেকে এসে ভারতের দালালি করছে, দেশের জন্য ক্ষতিকর কাজ করছে।”
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে বলেন, “জুলাই ঘোষণাপত্র না দিলে দেশে থাকতে পারবেন না। জনগণের রক্ত নিয়ে বেআইনি কাজ চলতে দেওয়া হবে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির বিভিন্ন শাখার প্রতিনিধিরা। তাঁরা বলেন, ২০২২ সালের আইনে গঠিত নির্বাচন কমিশন অবৈধ এবং জনগণের প্রতিনিধিত্ব করে না।
অন্যান্য বক্তারা দাবি করেন, বর্তমান ইসি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে রাখার মাধ্যমে মানুষের নাগরিক সুবিধা কেড়ে নিচ্ছে। তারা দ্রুত ইসি পুনর্গঠনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান।
বিক্ষোভ ঘিরে নির্বাচন কমিশন ভবনের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা অবস্থান নেয় এবং সড়কে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়।