বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ এবং ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন।
আবু বাকের মজুমদার বলেন, “ছাত্রসংসদ নির্বাচন ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। ছাত্রদের প্রতিনিধি ছাড়া রাষ্ট্র পরিচালনা চলতে পারে না।”
তিনি দাবি করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বন্ধু অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় অনুগত উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের বসিয়েছেন।
“তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় আন্দোলন শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে সারা দেশে রাজপথেও।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রশাসনের দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রশাসনের কারণে ছাত্রদের অধিকার বিঘ্নিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের মতপ্রকাশ, সংগঠনের অধিকার ও নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
ছাত্রদের মধ্যে গণতন্ত্রচর্চা নিশ্চিত করতে হলে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে বলেও জানান তিনি। এসব দাবি আদায়ে কেন্দ্রীয় ছাত্রসংসদের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে ইঙ্গিত দেন আবু বাকের মজুমদার।