মোঃ কাজী ওমর শরীফ, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, অবৈধ নিয়োগের বিচারসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৯ মে) বেলা ১২টা ৩০ মিনিটে চাকসু ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবন ও কাটা পাহাড় রোড অতিক্রম করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, “ফ্যাসিবাদের দোসরদের চাকরিচ্যুত করা তো দূরের কথা, বরং প্রশাসন তাদের বিভিন্ন পদে পদায়ন করছে। এখনও পর্যন্ত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার হয়নি।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবির কখনো কারও লাঠিয়াল হয়ে কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী এবং চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ। সঞ্চালনায় ছিলেন শাখা অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ।
সমাবেশে সাত দফা দাবি উপস্থাপন করেন ছাত্রশিবিরের সভাপতি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. শতভাগ আবাসন নিশ্চিত করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু।
২. সেশনজট নিরসন ও শিক্ষার আধুনিকায়ন।
৩. পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত।
৪. অবিলম্বে চাকসু নির্বাচন।
৫. টিএসসি, সেন্ট্রাল অডিটোরিয়াম ও কেন্দ্রীয় মসজিদসহ অবকাঠামো উন্নয়ন।
৬. ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতনে জড়িতদের স্থায়ী বহিষ্কার ও চাকরিচ্যুতি।
৭. অবৈধ নিয়োগে জড়িতদের বিচার ও অপসারণ।
দুপুর ১টা ২০ মিনিটে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।